logo
Advertisement

মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী

মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী
মায়ের জানাজার আগে কথা বলেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। ছবি: এশিয়া পোস্ট

‘পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই। তাই আমাদের সবার উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে থাকা এবং তাকে খুশি রাখার চেষ্টা করা। মা খুশি থাকলে আল্লাহও খুশি থাকবেন’ —মায়ের জানাজার আগে আবেগাপ্লুত হয়ে এ কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে আমেনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিজয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ। জানাজার আগে মায়ের মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন উপস্থিত মুসল্লিদের কাছে তার মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার মা ১০৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা নয় ভাইবোন। এর মধ্যে একজন আগেই মারা গেছে। আল্লাহর রহমতে বাকি আটজনই মায়ের জীবনের শেষ সময় পর্যন্ত তার পাশে থাকার সৌভাগ্য পেয়েছি। পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই। তাই আমাদের সবার উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে থাকা এবং তাকে খুশি রাখার চেষ্টা করা। মা খুশি থাকলে আল্লাহও খুশি থাকবেন।

তিনি বলেন, আমার মায়ের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মহাসচিব, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের মাননীয় মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে আমেনা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ নয় সন্তানের জননী ছিলেন। মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ছিলেন তার পাঁচ নম্বর সন্তান।

জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এএফএম তারেক মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।