logo
Advertisement

জয়পুরহাটে লাইসেন্স ছাড়া সার বিক্রি, ৫৭ বস্তা জব্দ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জয়পুরহাট
জয়পুরহাটে লাইসেন্স ছাড়া সার বিক্রি, ৫৭ বস্তা জব্দ
অভিযান পরিচালনা করে ক্ষেতলাল উপজেলা প্রশাসন। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে অভিযান চালিয়ে তার দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মেসার্স নুর ইসলাম ট্রেডার্সের খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। দোকানে সারের মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না এবং যথাযথ ক্যাশমেমোও ব্যবহার করা হচ্ছিল না। পরে জব্দ করা সারগুলো সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সার বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।