সুরেশ্বর দরবারের খাদেম হত্যায় গদিনশিন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবারের খাদেম জয়নাল সরকার হত্যা মামলায় গদিনশিন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলা ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর দরবারে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার গত ২৫ অক্টোবর নড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেল ৪টার দিকে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে ওষুধ নিয়ে বাড়িতে এসে আবার বেরিয়ে যান। রাত ১১টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন স্থানীয় একটি গ্যারেজে তার ব্যবহৃত চেয়ার-টেবিল দেখতে পান স্বজনরা। ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানায়, তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ও আসামি তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, শটগানের খালি কার্তুজ ১৩৩টি, ৬টি হার্ডড্রাইভ, ১টি এসএসডি, ৪টি ওয়াকিটকি সেট, ১টি ডিভিআর, ৩টি অ্যানড্রয়েড মোবাইল সেট, ৪টি বাটন মোবাইল সেট এবং ২টি স্লিং সট রাইফেল উদ্ধার করা হয়। এ ছাড়া শটগানের বিভিন্ন অংশ ও শটগানের বক্স উদ্ধার করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।