logo

টাঙ্গুয়ার হাওরে ৬ হাউসবোটকে জরিমানা

টাঙ্গুয়ার হাওরে ৬ হাউসবোটকে জরিমানা
পর্যটকবাহী হাউসবোটের বিরুদ্ধে পরিচালিত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে পর্যটকবাহী ৬টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ১১ দফার একটি নির্দেশনা প্রকাশ করা হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মঙ্গলবার বিকেলে বেশকিছু হাউসবোট সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে জেলা প্রশাসনের টিম হাওরে বিশেষ অভিযান চালিয়ে ৬টি হাউসবোট আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

অভিযান চলাকালে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিমানা আদায়ের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী অন্যান্য হাউসবোট ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করায় ৬টি হাউসবোটকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে হাওরের পরিবেশ রক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করা হয়েছে।