ভুল পরিচয়ে দাফন, ২০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

টাঙ্গাইলের মধুপুরে দাফনের প্রায় ২০ মাস পর কবর থেকে মেজবাহুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপজেলার পৌরসভার নয়াপাড়া এলাকা থেকে লাশ উত্তোলন করা হয়।
মৃত মেজবাহুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতিবান্ধা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মধুপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত আলী মরদেহটি তার ছেলে রিদয় হোসেনের বলে শনাক্ত করে নিজ এলাকায় নিয়ে এসে দাফন সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৭ আগস্ট রিদয় হোসেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। এতে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. হাফিজুর রহমান তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বুধবার কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় ২০২৪ সালে ১ আগস্ট মামলা দায়ের করা হয়।
লাশ উত্তোলনের সময় টাঙ্গাইল পিবিআইয়ের ইন্সপেক্টর মো. শফিউল আলম এবং মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন উপস্থিত ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বাবা হাফিজুর রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়।