logo

যশোরে মৌসুমের প্রথম বৃষ্টি  

যশোরে মৌসুমের প্রথম বৃষ্টি  

প্রকৃতিতে শীতের বিদায় হয়ে বসন্ত এসেছে। তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। এরইমধ্যে যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ১০-১৫ মিনিটের মতো বৃষ্টি হয়।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া দপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। তবে ১ মিলিমিটারের কিছুটা কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আকাশে মেঘ আছে।

যশোর শহরের কদমতলার বাসিন্দা জাহিদ হাসান বলেন, সকাল সাতটার দিকে হালকা বৃষ্টি হয়েছে। তবে বছরে প্রথম বৃষ্টি ভালো লাগল।

শারমিন সুলতানা নামে এক গৃহিণী বলেন, ঘুম থেকে উঠে দেখি বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। বসন্তে শুরুতে বৃষ্টি, অনুভূতিটা অন্য রকম।

এদিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।