logo

তেল মজুত করে দোকান বন্ধ রাখেন ৭ দিন, অতঃপর...

তেল মজুত করে দোকান বন্ধ রাখেন ৭ দিন, অতঃপর...

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় জ্বালানি তেল মজুত করে ৭ দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন ‘গঙ্গা মটরস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। পরে তার দোকানে মজুত করা ১ হাজার ৫০০ লিটার তেল পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠান মালিক অর্ণব শর্মাকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশি লাভের আশায় দোকানটিতে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দোকানটিতে ৯০০ লিটার অকটেন ও ৬০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। পরে জরিমানার পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেন। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায় এবং স্বল্পমূল্যে জ্বালানি পেয়ে মানুষ সন্তোষ প্রকাশ করেন।

তবে প্রতিষ্ঠানের মালিক অর্ণব শর্মা দাবি করেন, অসুস্থতার কারণে এক সপ্তাহ দোকান বন্ধ থাকায় জ্বালানি তেল জমে ছিল, অসৎ উদ্দেশ্যে মজুত করা হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।