logo
Advertisement

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: এ্যানি

এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: এ্যানি
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: এশিয়া পোস্ট

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমাদের দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এজন্য তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি আমরা অগ্রাধিকার দিতে পারি, তবেই সমাজকে অবক্ষয় থেকে মুক্ত করতে পারব।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের সদর ও চন্দ্রগঞ্জ উপজেলায় এসএসসিসহ সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লক্ষ্মীপুর সোসাইটি’-র ব্যানারে শহরের টাউন হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, নানা অভাব-অনটনের মধ্য দিয়ে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করতে হচ্ছে। একটি ধ্বংস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করছেন। একটি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা আমাদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।

লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ প্রমুখ।