বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ময়মনসিংহে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইসা ফকির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (পাটগুদাম ব্রিজ) এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসা ফকির ময়মনসিংহ সদর উপজেলার গোবদ্দিয়া গ্রামের মৃত শাহ্ সুফি নাজিম উদ্দিন ফকিরের ছেলে।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব। তিনি বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে বাসটি টার্মিনালের কাছাকাছি পাটগুদাম ব্রিজ পর্যন্ত আসতেই উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. ইসা ফকির।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের এক ঘণ্টার চেষ্টায় যানজট নিরসন করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।