ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
উদ্ধারকৃত গাঁজা ও ব্যক্তিগত আলামত। ছবি: সংগৃহীত

ফেনী মডেল সদর থানা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। সোমবার (২২ জুন) রাতে ফেনী-কুমিল্লা মহাসড়কের বিসিক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

Advertisement

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফেনীর ছাগলনাইয়া থানার জিরো পয়েন্ট থেকে ঢাকাগামী একটি বাসে করে কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন বিসিক রোডের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। পরে বাসটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের যাত্রী ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম মুটুয়া (ফুলজান পাড়া) গ্রামের মৃত ইয়াছিনের ছেলে মো. নুরুল আলম জানু (৪৫) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের মো. আ. হাকিম হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদারকে (৫৫) আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলিব্যাগ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।