logo

দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২০ দিনের জন্য ‘ব্লক’ অ্যাপ

দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২০ দিনের জন্য ‘ব্লক’ অ্যাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রথম দিনেই জালিয়াতির আশ্রয় নিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একই দিনে দুইবার তেল সংগ্রহ করার চেষ্টা করায় জরিমানার পাশাপাশি তার জ্বালানি অ্যাপটি ২০ দিনের জন্য ব্লক করে দিয়েছে প্রশাসন। 

বুধবার (৮ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনে ঘটনা ঘটে। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন জানায়, একটি মোটরসাইকেল নিয়ে ওই যুবক সকালে প্রথমে শিবগঞ্জের দাদনচক-হলমোড়ের মির্জা ফিলিং স্টেশন থেকে ৫০০ টাকার তেল সংগ্রহ করেন। সরকারি নীতিমালা অনুযায়ী, একবার এই পরিমাণ তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিন ওই গ্রাহক আর কোনো জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। কিন্তু এই বিধিনিষেধের তোয়াক্কা না করে ওই যুবক পুনরায় ওই উপজেলারই কানসাট-ধবপুকুরের রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে গিয়ে আবারও তেল নেওয়ার চেষ্টা করেন। তবে প্রশাসনের ডিজিটাল ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থার কারণে তাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ। 

তিনি জানান, সরকারি আদেশ অমান্য করে গণউপদ্রব সৃষ্টি ও জালিয়াতির দায়ে অভিযুক্ত যুবককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার ব্যবহৃত যানবাহনের জ্বালানি গ্রহণের সুযোগ আগামী ২০ দিনের জন্য স্থগিত বা ব্লক করে দেওয়া হয়েছে। এর ফলে আগামী তিন সপ্তাহ ওই যুবক কোনো পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন না।