বান্দরবানে বন্যার্তদের জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিশুদ্ধ পানি সরবরাহ

টানা বৃষ্টিপাত ও চলমান বন্যায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের নিরাপদ পানীয় জলের চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দেওয়ানবাড়ির পুকুরপাড় সড়কে স্থাপিত মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রতিদিন শত শত মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ বোতল, জার ও অন্যান্য পাত্রে করে প্রয়োজনীয় পানি নিয়ে যাচ্ছেন। বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমকে কেন্দ্র করে সেখানে মানুষের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ পানীয় জল সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, বন্যার কারণে অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কেউ যেন বিশুদ্ধ পানির অভাবে কষ্ট না পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে।




