ওসির কক্ষে পুলিশ পরিদর্শককে থাপ্পড়, কৃষক দল নেতা গ্রেপ্তার

দিনাজপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের ভেতর এক পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারার অভিযোগে জেলা কৃষক দলেন সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে তাকে অদালতে সোপর্দ করা হয়েছে বলে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী।
এর আগে, রোববার রাতে মুজিবুর রহমান মজিব ও অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে ৩২৩/২০৬/৩৩২/৩৫৩/৫০৫/ ৬এর ২/৩৪ ধারায় মামলা করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত ১টার দিকে কোতোয়ালি থানার ওসির কক্ষে ঘটনাটি ঘটে। সে সময় ওসি তার কক্ষে ছিলেন না। একটি মামলার তদন্ত কাজে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক নওবুর রহমান ওসির রুমে সিভিল ড্রেসে (সাদা পোশাক) বসা ছিলেন। অভিযুক্ত মুজিবুর রহমান মজিব সেখানে ঢুকে ওসি কোথায় আছেন জানতে চেয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তার সঙ্গে আরও দুজন ছিলেন। একপর্যায়ে পুলিশ পরিদর্শক নওবুর রহমানের গালে থাপ্পড় দেন মজিবুর রহমান মজিব। তখন থানার ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবুর রহমান মজিবকে আটক করেন।
কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী জানান, পুলিশের পরিদর্শক নওবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)


