logo
Advertisement

হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী
হাতিয়ায় শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণিকক্ষের আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী সংজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে ২১ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, দুপুর ২টা পর্যন্ত ২১ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আসা একজন অভিভাবক ও হাসপাতালের এক কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বর্তমানে সব শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি জানা গেছে। তবে ঠিক কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ বা অজ্ঞান হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।