logo

দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় ৭ মাস ১০ দিন পর মুকুল মোল্যা (৫৪) নামে এক পার্ক ম্যানেজারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তে যোগ হয়েছে নতুন মোড়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় গোরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।

মুকুল মোল্যা লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকার মৃত রুহুল মোল্যার ছেলে। তিনি শহরের রামপুর এলাকার ‘নিরিবিলি পিকনিক স্পট’-এ কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ আগস্ট বিকেলে রাজুপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন পিকনিক স্পটে বেড়াতে আসেন। সেখানে রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়া নিয়ে ম্যানেজার মুকুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে মুকুল মোল্যাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবার জানতো, মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই মরদেহ বাড়িতে এনে পরদিন দাফন করা হয়।

তবে দাফনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হন।

এরপর একই বছরের ২ নভেম্বর মুকুলের বোন রেহেনা পারভিন বাদী হয়ে লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে।