মরুর উট ‘সুলতান’ এখন কুমিল্লায়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার পশুরহাটে এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে রাজস্থান থেকে আনা বিশাল আকৃতির উট ‘সুলতান’। ব্যতিক্রমী এ উটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সি মানুষ। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে উটটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি এগ্রো ফার্মে রাখা হয়েছে ছয় বছর বয়সি উট ‘সুলতান’। দর্শনার্থীদের অনেকেই উটটির সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছেন।
খামার মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান অঞ্চল থেকে উটটি আনা হয়। তার ছেলের আগ্রহ থেকেই উটটির নাম রাখা হয়েছে ‘সুলতান’।
তিনি বলেন, পশুরহাটে ভিন্নতা আনতেই উটটি আনা হয়েছে। মানুষের আগ্রহ ও সাড়া দেখে আমরা খুবই উৎসাহিত। প্রাথমিকভাবে উটটির দাম ধরা হয়েছে ৩২ লাখ টাকা। ইতোমধ্যে অনেকেই এসে দেখছেন এবং দরদাম করছেন। সামনে নেউরা পশুরহাটে তোলার পরিকল্পনা রয়েছে।
সুমন নামে এক কর্মচারী বলেন, উট পালন তুলনামূলক সহজ এবং এর খাদ্যাভ্যাস অনেকটা গরুর মতো। রোগবালাইও কম হয়। শান্ত স্বভাবের ‘সুলতান’ বালি পেলেই শুয়ে পড়ে। ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার বেশি পছন্দ করে।
স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলম বলেন, কুমিল্লার পশুরহাটে আগে এভাবে উট দেখা যায়নি। তাই ‘সুলতান’ এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, উট আমাদের দেশীয় প্রাণী নয় এবং প্রচলিত প্রাণিসম্পদের আওতায়ও পড়ে না। তবে প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।