জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়ানোর দাবি

বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চরম আর্থিক সংকটে পড়েছেন চট্টগ্রাম বন্দরের বার্থ, শিপ হ্যান্ডলিং ও টার্মিনাল অপারেটররা। এ পরিস্থিতিতে বিদ্যমান চুক্তিকৃত দরের সঙ্গে বর্ধিত জ্বালানি তেলের দাম সমন্বয় করে হ্যান্ডলিং চার্জ বাড়ানোর দাবি জানিয়েছে ‘বার্থ অপারেটরস শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন’ (বিওএসটিএ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক আবেদনে এ দাবি জানান সংগঠনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৯ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার সময় লিটারপ্রতি ডিজেলের বাজারদর ছিল ৮০ টাকা। পরে পর্যায়ক্রমে—প্রথমে লিটারপ্রতি ৩৪ টাকা, এরপর ১৫ টাকা এবং সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবার ২০ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে ডিজেলের মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা। অর্থাৎ, দরপত্র জমা দেওয়ার সময়ের তুলনায় ডিজেলের দাম প্রায় ৬৯ শতাংশ বেড়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কনটেইনার হ্যান্ডলিং সম্পূর্ণ পরিবহননির্ভর কাজ। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক ঘাটতি সামলে স্বাভাবিকভাবে বার্থ ও টার্মিনাল পরিচালন কার্যক্রম ধরে রাখা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য প্রায় প্রতিটি খাতেই ইতিমধ্যে জ্বালানি তেলের বর্ধিত মূল্য সমন্বয় করা হয়েছে। তাই এ সংকট কাটিয়ে বন্দরের সার্বিক কার্যক্রম সচল রাখতে অনতিবিলম্বে চুক্তিকৃত দর পুনর্নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিম বলেন, বার্থ অপারেটরদের একটি আবেদন পেয়েছি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।
