logo
Advertisement

মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে স্বজনদের আহাজারি ও ভিড়। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে গোসল ও মাছ ধরতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা উভয়ই স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জিসান ও তাহমিদ বাড়ি থেকে বের হয়ে শিমুলতলী ব্রিজের কাছে আত্রাই নদীতে যায়। সেখানে গোসল ও মাছ ধরার একপর্যায়ে তারা পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘসময় তাদের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে আশপাশের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নদীতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।