পিরোজপুরে আওয়ামী লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলার বিএনপির পাঁচ নেতাকর্মীর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাজার এলাকার পঞ্চায়েত বাড়ি-সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
শনিবার রাত ১০টার দিকে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
স্থানীয়রা জানায়, শুক্রবার বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের মধ্যে দুজন তখন অচেতন ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে রয়েছেন—পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।
আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকিরের অভিযোগ, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান এবং টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ওসি শামীম হাওলাদার জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।