logo

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: দুর্ঘটনার পেছনের কারণ জানা গেল

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: দুর্ঘটনার পেছনের কারণ জানা গেল

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় প্রাথমিক কারণ হিসেবে গেটম্যানের সঙ্গে ঢাকা মেইল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্নতাকে চিহ্নিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সার্বক্ষণিক একজন গেটম্যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকেন। কিন্তু চট্টগ্রাম থেকে আসা ঢাকা মেইল ট্রেনটির সঙ্গে মেহেদী নামে ওই গেটম্যানের কোনো যোগাযোগ ছিল না। গেটম্যানের সিগন্যাল না পেয়ে রেলক্রসিংয়ে উঠে যায় বাসটি। দুর্ঘটনার পর পর মেহেদী ঘটনাস্থল থেকে উধাও। রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকা মেইল ট্রেনটি যখন লালমাই ক্রস করে, তখনই পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা। কিন্তু সেখানে গেটম্যানের সঙ্গে যথাযথ সময়ে যোগাযোগ হয়নি। যখন গেটম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে, ততক্ষণে বাসটি ক্রসিংয়ে উঠে গেছে। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মোস্তাফিজুর রহমান ছয় সদস্যের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন। একটি কমিটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং আরএনবি কমান্ড্যান্টকে সদস্য করা হয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন শিশু ও তিনজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিশাত সুলতানা। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে আরও ছয়জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় দ্রুতগামী ট্রেন। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে যায় এবং ট্রেনটি থামতে না পেরে বাসটিকে সামনে নিয়েই বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। পরে জাঙ্গালিয়া স্টেশন এলাকায় গিয়ে ট্রেনটি থামে। জানা গেছে, বাসে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।