তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন ও সদস্য সচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে নাঈম তেলের দাম বৃদ্ধি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। একই পোস্টে তিনি দীর্ঘদিনের সাংগঠনিক পথচলায় সংগঠনের বিভিন্ন বিষয় ও কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগত মতের কিছুটা অমিল থাকার কথা উল্লেখ করেন। পাশাপাশি ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে সাধারণ সম্পাদক পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
পোস্টে তিনি সংগঠনের সহযোদ্ধা, বড় ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করার প্রত্যাশা জানান।
তবে উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।