চট্টগ্রামে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে এক বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের মোট ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত দিনে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা বিঘ্নকারী মিছিল এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির ১৫টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে খুলশী থানায় ১৩ জন, ডবলমুরিং থানায় ৭, ইপিজেড থানায় ৩, বায়েজিদ বোস্তামী থানায় ১২, বাকলিয়া থানায় ২, কোতোয়ালি থানায় ১২, কর্ণফুলী থানায় ২, পাঁচলাইশ থানায় ১০ এবং অন্যান্য সাতটি থানায় একজন করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, মহানগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ফৌজদারি অপরাধ ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
