ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে ছিলেন আহত তরুণী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আহত অবস্থায় পড়ে থাকা এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটা ২৬ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও যাত্রীছাউনির পাশে ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর পেয়ে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় পথচারীদের সতর্ক থাকা উচিত। নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহার করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব।


