ক্যালকুলেটরে গুনে ঘুষ নেওয়া সেই কর্মকর্তাকে প্রত্যাহার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে।
আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এর আগে, সোমবার এশিয়া পোস্টে ‘ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ নেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওই সংবাদে স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্প সভাপতির সঙ্গে বাবুল চন্দ্র রায়ের ঘুষ লেনদেনের তথ্য তুলে ধরা হয়। ঘটনার একটি ভিডিও প্রকাশ করে এশিয়া পোস্ট।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমালোচনার মুখে উপজেলা প্রশাসন থেকেও একটি তদন্ত কমিটি গঠন করে ইউপি সদস্যদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। বাবুল চন্দ্র রায়কেও ডাকা হয়েছে।
ঘটনা তদন্তে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি কমিটি গঠন করেছে। তদন্ত দল বুধবার (২৩ জুন) দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন করতে পারেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি বাবুল চন্দ্র রায়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে।






