সিসিএসের উদ্যোগে নারায়ণগঞ্জে বাজারমূল্য তালিকা উদ্বোধন

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
সিসিএসের উদ্যোগে নারায়ণগঞ্জে বাজারমূল্য তালিকা উদ্বোধন
সিসিএসের উদ্যোগে নারায়ণগঞ্জে বাজারমূল্য তালিকা উদ্বোধন। ছবি: এশিয়া পোস্ট

ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বাজারমূল্য তালিকা উদ্বোধন ও ভোক্তা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় এ বাজারমূল্য তালিকা উদ্বোধন করা হয়।

‘ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম; ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ পুল খাজা মার্কেটে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের গুরুত্ব, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সিদ্ধিরগঞ্জ পুল খাজা মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সিসিএসের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম রাকিব এবং সিদ্ধিরগঞ্জ পুল খাজা মার্কেটের সভাপতি জয়নাল আবেদীন। এছাড়া সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনিসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তাদের সচেতনতার অভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং বিভিন্ন ধরনের অনিয়ম করে থাকে। এসব অনিয়ম প্রতিরোধে বাজারের দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ক্রেতারা সহজেই পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে পারবেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ অনেকাংশে কমে আসবে।

তারা আরও বলেন, ভোক্তা অধিকার রক্ষায় শুধু সরকারি সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; বাজার কমিটি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সাধারণ ভোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রত্যেক ব্যবসায়ীকে সঠিক মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোক্তাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। একজন সচেতন ভোক্তাই অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। তাই নিজের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বাজারমূল্য তালিকার উদ্বোধন করেন। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানোর আহ্বান জানানো হয় এবং ক্রেতাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিসিএস নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে। একই সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায্য, সুষ্ঠু ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তারা।