রাজাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো. মিজানুর রহমান (৪২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার পাশাপাশি তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাতে ঘুমাতে পারতেন না এবং যন্ত্রণায় প্রায়ই চিৎকার করতেন। কিছুদিন আগে তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এর আগে একাধিকবার পাবনা মানসিক হাসপাতালে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হয়েছিল বলে জানান স্বজনরা।
নিহতের বড় ভাই মো. নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান মিজানুর। রাত সাড়ে ১২টার দিকে মাথার যন্ত্রণায় কিছু সময় চিৎকার করলেও পরবর্তীতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তার বোন তাকে ডাকতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং রাজাপুর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)






