ছয় রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
ছয় রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার চাঞ্চল্যকর ছয় রাবার শ্রমিক অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার (১১ জুলাই) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণ সিন্ডিকেটের মূলহোতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতকারীরা ছয়জন রোহিঙ্গা রাবার শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হলে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শুধু এই অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারীই নন, তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।