logo
Advertisement

রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,শরীয়তপুর
রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা
রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে উড়ে গেল টিনের চালা। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় রান্নাঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়িওয়ালা ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজ করার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় রান্নাঘরে আগে থেকে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোকেয়া বেগম গুরুতর আহত হন।

বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে গিয়ে পড়ে। একই সঙ্গে প্রতিবেশী সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহত রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামের এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বোমা বিস্ফোরণে দগ্ধ ও আঘাতপ্রাপ্ত হওয়ার চিহ্ন ছিল। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১০ আগস্ট একই এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মান্নান সরদার (৭০) নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, শনিবার বিস্ফোরণ হওয়া বাড়ির মালিক ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক। তবে রেজাউল শিকদার এ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি রাজনীতি করি। হয়তো সে আমার মিছিল-মিটিংয়ে এসে থাকতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানকার বিএনপির কর্মসূচি বা মিছিল-মিটিংয়েও যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক, বিষয়টি এমন নয়। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি, তাই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ককটেল বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ককটেলগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছিল এবং কারা রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :