logo
মেহেরপুরে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

‘মেহেরপুরসহ সারা দেশের সমস্যা-সম্ভাবনার কথা উঠে আসবে এশিয়া পোস্টে’

‘মেহেরপুরসহ সারা দেশের সমস্যা-সম্ভাবনার কথা উঠে আসবে এশিয়া পোস্টে’
মেহেরপুরে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজন, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহের মধ্য দিয়ে অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

কেন্দ্রীয় অফিসের সঙ্গে সমন্বয় করে সোমবার (১১ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্যান্ড শো, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধনী এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদমাধ্যমটির মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সজ্জাদ।

তাজওয়ার আকরাম বলেন, ‘এশিয়া পোস্টের আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যেভাবে এশিয়া পোস্ট যাত্রা শুরু করেছে, তাতে অচিরেই এটি বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমে রূপান্তরিত হবে। এশিয়া পোস্টের মাধ্যমে মেহেরপুরসহ সারা দেশের সমস্যা-সম্ভাবনার কথা উঠে আসবে এবং এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, এটাই সকলের প্রত্যাশা।'

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলামিন ইসলাম বকুল এবং জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।

জিনিয়াস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলামিন ইসলাম বকুল বলেন, ‘আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি কীভাবে এশিয়া পোস্ট যাত্রা শুরু করেছে, কারা এখানে কাজ করছে এবং কিভাবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্যের মাধ্যমে সংবাদ পরিবেশন করছে। এভাবেই এশিয়া পোস্ট মানুষের হৃদয়ে আস্থা তৈরি করে নেবে।’

মেহেরপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘এশিয়া পোস্ট গতানুগতিক খবর প্রকাশ না করে, খবরের ভেতর থেকে খবর বের করে আনবে, এমনটাই প্রত্যাশা আমাদের।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ‘এশিয়া পোস্ট কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।’

এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের ব্যান্ড দল ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ এর সদস্যরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত এ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরে কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. শামিম হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মোহাম্মদ রাব্বি, অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন, জাসাস সভাপতি বাকা বিল্লাহ, মেহেরপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামী নেতা আব্দুল জব্বার, সিপিপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চন্দ্র বিশ্বাসসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।