মাদকের টাকা জোগাতে শিশুকে বিক্রির চেষ্টা বাবার, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সি কন্যাসন্তানকে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুটির বাবা লোকমান হোসেন সাগর (২৭) পেশায় ট্রাকের হেলপার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে লোকমান তার স্ত্রী সীমা আকতারের (২৬) কাছে মাদক কেনার টাকা চান। কিন্তু পরিবারের কাছে থাকা অর্থ অসুস্থ মেয়ের চিকিৎসা ও সংসারের কাজে খরচ হয়ে যাওয়ায় স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে লোকমান স্ত্রীকে মারধর করেন এবং ২০ মাস বয়সি কন্যাসন্তান ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দেন তিনি।
পরে শিশুটির মা ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে সদরঘাট থানা-পুলিশ অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাত ১টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, শিশুটিকে লোকমানের এক খালাতো ভাইয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। লোকমান তার কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন। তবে ওই স্বজন জানান, লোকমান মাদকাসক্ত হওয়ায় শিশুটিকে সুরক্ষার উদ্দেশ্যেই তিনি টাকাটি দিয়েছিলেন; শিশুটিকে কেনাবেচার কোনো উদ্দেশ্যে নয়।
তিনি আরও জানান, উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির মা স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে রাজি হননি। তিনি স্বামীর সঙ্গে সংসার চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন। ফলে এ ঘটনায় কোনো আইনি মামলা দায়ের করা হয়নি।