logo

কার্যালয়ে ঢুকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হুমকির অভিযোগ

কার্যালয়ে ঢুকে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরে কার্যালয়ে ঢুকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২ মার্চ) লক্ষ্মীপুর গণপূর্ত কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জামাল উদ্দিন লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে বহিরাগত শিপন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে চিৎকার-চেঁচামেচি করেন। তিনি নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করেন। শিপন তাদের মারধর করার জন্যও তেড়ে আসেন। তিনি হুমকি ও ভয়ভীতি দেখান।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, শিপন বহিরাগত। আমাদের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি ও ভয়ভীতি দেখান। অফিসের নির্দেশে আমি জিডি করেছি।

নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী বলেন, আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারাপ আচরণ করেছে। আমি খুব বিব্রতবোধ করছি।

অভিযুক্ত শিপন লাহাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

শিপন লাহাড়ি হুমকি ও মারধরে উদ্যাত হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কিছু লোক উসকে দিয়ে এসব করাচ্ছে। ঘটনা তেমন কিছুই না।

জিডির তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল করিম চৌধুরী বলেন, সাধারণ ডায়েরি আদালতের অনুমতির জন্য পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।