হামলায় হাতের আঙুল বিচ্ছিন্ন যুবদল কর্মীর

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় কাকন মিয়া (৩৪) নামের এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলায় তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজারে অবস্থানকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে যুবদল কর্মী কাকনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কাকনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। তবে ঘটনাটি অস্বীকার করেছে জামায়াত নেতারা।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, আহত যুবদল নেতা কাকন উপজেলা বিএনপির সভাপতি ম্যারো সামাদের ভাগনে হয়৷ স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা তার ওপর হামলা করেছে৷ হামলায় কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয় এবং দুই পা ভেঙে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে পলাশবাড়ীর বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির শামীম প্রধান এশিয়া পোস্টকে বলেন, জুনদহ বাজারের ঘটনার সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো নেতাকর্মীর দূরতম সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একটি পক্ষ আমাদের ওপর মিথ্যা দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান এশিয়া পোস্টকে বলেন, আহত ব্যক্তি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী বলে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।