logo

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লার বুড়িচংয়ে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় প্রাইভেটকারটিকে ডান পাশে আঘাত করে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়। তারা হলেন, আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। ওই পরিবারের আরেক সন্তান আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

হতাহত প্রাইভেটকারের পাঁচ যাত্রী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের পরিবারের সদস্য। তিনি বলেন, ‘আমার বোন-ভগ্নিপতি, ভাগিনা-ভাগ্নি সকলে মৃত্যুবরণ করেছে। দেশবাসীর কাছে দোয়া চাই।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহ! পরপর দুর্ঘটনার সংবাদ আমাদেরকে শোকাহত করে চলেছে। মাগরিব নামাজের অপেক্ষায় মদীনা শরীফে মসজিদে নববীতে আছি। আমার সহপাঠী, দীর্ঘ চল্লিশ বছরের বন্ধু মাওলানা ফয়সালের কান্নাভেজা ফোনকল আমাকে বিমর্ষ করে দিল। হায় আল্লাহ, এই শোক সইবার শক্তি তুমি তাদের পুরো পরিবারকে দান করো।’

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মমিন বলেন, একটি বাস চলন্ত অবস্থায় প্রাইভেটকারটিকে ডান পাশে আঘাত করে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে পাঁচজনের মৃত্যু হয়। সকলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে।