মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে ৬টি স্বর্ণের দোকানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের একাধিক দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ছয়টি স্বর্ণের দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করা হয়েছে। বিদ্যুৎ মণ্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং ১ লাখ টাকা নগদ লুট হয়েছে। পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় ১ কেজি রুপা ও ৯৫ হাজার টাকা নগদ নিয়ে যায় তারা। স্বদেব মণ্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা নগদ লুট করা হয়। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা নিয়ে যায় ডাকাত দল।
এ ছাড়া পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের একটি মুদি দোকান থেকেও প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে।
স্থানীয় বাজারের ব্যবসায়ী এহসান আজগর বলেন, আমাদের বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আটক করা হোক।
ঘটনার পর শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।