খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার (ওটি) বিভাগে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন নার্স গুরুতর আহত হয়েছেন।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট-অপারেটিভ রুম কিংবা স্টোর রুমের কোনো একটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন এসির আউটডোর ইউনিট হয়ে অক্সিজেন সরবরাহ লাইনের আউটডোর অংশে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, অক্সিজেন লাইনের মুখে আগুন লাগার পর বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ওটিতে থাকা দুই নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওটি বিভাগে ১৫টি শয্যায় রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীর স্বজন আতঙ্কে রোগীদের খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে আগুনের ঘটনায় হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আপাতত সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
