খুমেকে এসি বিস্ফোরণ, রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুমেকে এসি বিস্ফোরণ, রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ফটক ও ইনসেটে বিস্ফোরিত এসি। ছবি : এশিয়া পোস্ট

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আবারও একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়া বের হওয়ায় ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে ওয়ার্ডের এসিটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে সেখান থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ফায়ার ফাইটাররা পৌঁছানোর আগেই হাসপাতালের নিজস্ব কর্মীরা ভেতরের অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের হাত থেকে রক্ষা পান রোগীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অতিরিক্ত গরম হয়ে কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আইনুল হক বলেন, ‘একটি এসিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটেছিল। হাসপাতালের এসির রক্ষণাবেক্ষণের বিষয়টি গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) আওতাধীন। খবর পেয়ে তাদের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা এসে পরিদর্শন করেছেন।"

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আমরা হাসপাতালের সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা দিয়েছি, যেন কোনো এসি নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় একটানা চালানো না হয়। এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা বড় ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয় :খুলনা