রোগীদের মশারি না দিয়ে আলমারিতে, সাংবাদিক যেতেই টানানোর চেষ্টা

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের মশারি দেওয়ার কথা থাকলেও তা আলমারিতে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই ওয়ার্ডে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন নার্সরা। ডেঙ্গু ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি দেখতে গিয়ে এ চিত্র দেখা যায়।
ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। কোনো রোগীর বিছানাতেই তখন মশারি টানানো ছিল না। তিনটি বিছানার পাশে মশারি পড়ে ছিল। আর দুজন রোগীকে কোনো মশারি দেওয়া হয়নি বলে জানান রোগী ও তাদের স্বজনেরা। এর কিছুক্ষণ পর নার্সরা আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন।
হাসপাতালে ভর্তি রোগীদের একজন সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা জুবায়ের হাসান। তিনি রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তির প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে মশারি দেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে কর্তব্যরত নার্সদের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো বক্তব্য দেননি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রিনা বেগম বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারি দেওয়া আছে। তিনি ফোন করে জানতে চেয়েছেন, কেন রোগীদের মশারি দেওয়া হয়নি। তখন তাকে জানানো হয়েছে, ভুল হয়েছে, আর হবে না। বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তাকে জানাবেন বলেও জানান তিনি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারি দেওয়া আছে। রোগীদের কেন মশারি দেওয়া হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
