প্রখর রোদ উপেক্ষা করে সিরাজগঞ্জে ১১ দলের সভাস্থলে নেতাকর্মীরা

প্রখর রোদ উপেক্ষা করে মিছিল নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পথসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাটিকুমরুলে আসতে শুরু করেন।
পথসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা জাহিদুল ইসলাম।
ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই পথসভার আয়োজন করা হয়েছে।
সভাস্থলে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা আসছেন। তীব্র গরম ও প্রখর রোদ উপেক্ষা করে অনেকে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করছেন। তাদের হাতে দলীয় ও জোটের বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়।
তীব্র গরমের মধ্যে পথসভাস্থলে আসা নেতাকর্মী ও সমর্থকদের জন্য স্বেচ্ছাসেবকরা ঠান্ডা পানি সরবরাহ করছেন। সভাস্থলের পাশে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়েছে। সেখানে আগত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেখা গেছে।
লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা। সেখানে পথসভা ও জোহরের নামাজের জন্য বিরতি রাখার কথা রয়েছে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হাটিকুমরুল ছাড়াও গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে এই লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।
লংমার্চ ঘিরে মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে। হাটিকুমরুলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও আগতদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, লংমার্চ ঘিরে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, লংমার্চ উপলক্ষে হাটিকুমরুলে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগতদের সহযোগিতার জন্য এক হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে লংমার্চের কর্মসূচি সম্পন্ন হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।


