logo

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
বাংলাদেশ পুলিশের লোগো।

খুলনার চার থানায় বিশেষ অভিযান চলার মধ্যে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ডিএসবি থেকে জারি করা নির্দেশনা।
ডিএসবি থেকে জারি করা নির্দেশনা।

নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান থাকার কথা উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে হবে তাদের।

খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের ডিএসবি থেকে জারি করা নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।