ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার নাজিরহাট-খাগড়াছড়ি সড়কের পেলাগাজী দিঘীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হারুয়ালছড়ির নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। তারা তিনজনই পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাজ শেষ করে একটি মোটরসাইকেলে করে চার নির্মাণ শ্রমিক বাড়ি ফিরছিলেন। পথে পেলাগাজী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশের একটি কবরস্থানে উল্টে পড়ে।
জানা গেছে, বাসটি খাগড়াছড়ির মানিকছড়ি থেকে একটি বিয়ের অনুষ্ঠান (বৌ-ভাত) শেষে যাত্রী নিয়ে বোয়ালখালীর উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। বাসের ভেতর আটকে পড়া ১৫-২০ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় অন্তত ১৫ জনকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।