হাটহাজারীতে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের দাফন নোয়াখালীতে তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জানাজার নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মাইজদী শহীদ বুলু স্টেডিয়ামে পিয়াসের মরদেহ আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
মরদেহটি তার পরিবারের সদস্যদের দেখানো হয়। পরে পিয়াসদের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের মুন্সী সর্দার বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত পিয়াস মালিপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। চার বোনের মধ্যে পিয়াস ছিলেন একমাত্র ভাই। মা-বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে ক্যান্টনমেন্টে থাকতেন পিয়াস। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার ১৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, পিয়াস ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। চাকরির সুবাদে বাবা-মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস।

