logo
Advertisement

দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক

এশিয়া পোস্ট নিউজ,ঝালকাঠি
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক
দুই স্ত্রীসহ আটক মো. কালাম সরদার। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুরে দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে তার দুই স্ত্রীসহ আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই স্ত্রীকে তিন মাস করে এবং স্বামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—পশ্চিম কানুদাসকাঠি গ্রামের মৃত সামছু সরদারের ছেলে মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাম সরদার দীর্ঘদিন ধরে তার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন। এতে স্থানীয় যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণ এবং ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালতে অপরাধ স্বীকার করায় মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে এবং মো. কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ১৩টি ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।