কারাগার থেকে বের হতেই ফের আটক যুবলীগ নেতা

জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকেই ফের আটক হয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে আবারও আটক করেছে পুলিশ।
পরিবারের দাবি, এর আগেও বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর কারাফটক থেকে কুটি মিয়াকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামিনে মুক্তির পর কারাগারের বাইরে আসার পর মাগুরা সদর থানা পুলিশ ও কুষ্টিয়া সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেওয়া হয়।
কুষ্টিয়া জেল সুপার জাহিদুল আলম জানান, কুতুবউদ্দিন কুটি মিয়া কারাগার থেকে বের হওয়ার পর গেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক চেয়ারম্যান কুটি মিয়াকে অন্য একটি মামলায় সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের জন্য আনা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তাকে প্রথম দফায় আটক করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন।

