Advertisement

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা
রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা হওয়া ককটেল। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাক প্রামাণিকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ১২টার দিকে উপজেলার চানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, হামলার সময় বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এশিয়া পোস্টকে জানান, গুলির অভিযোগের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এবং একটি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছে।

আবদুর রাজ্জাক প্রামাণিক জানান, ঘটনার কিছু সময় আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। হামলার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন। তার ভাষ্য, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে বিরোধ নেই এবং তিনি আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। তবে, স্থানীয় দলিল লেখক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ জুলাই) দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা হামলার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। পরে পৌর বিএনপি নেতারা এ হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলনও করেছে।

মিছিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিকসহ স্থানীয় নেতারা। একই সঙ্গে হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

বিষয় :রাজশাহী