তেলবাহী ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে ১১ ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকার রাজাপুর হয়রত শাহ্জালাল (রহ.) মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার খবরে স্থানীয়রা বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে তেল নেওয়ার জন্য ছুটে আসেন। এক পর্যায়ে ট্রেনের উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিতে শুরু করেন তারা। এমনকি অনেকে প্রতিযোগিতা দিয়ে ওয়াগন থেকেও সরাসরি তেল লুট করার কাজে মেতে উঠেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এই পরিস্থিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা করেও এ লুটপাট থামাতে পারেনি। পরে বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তা জানায়নি কর্তৃপক্ষ।
জানা গেছে, তেলবাহী ওয়াগন ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর মধ্যে কয়েকটি বগি পাশের খালে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
নোয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৪-৫ ঘণ্টা সময় লাগতে পারে।