Advertisement

পিরোজপুরে ফোন চুরির ঘটনায় কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
পিরোজপুরে ফোন চুরির ঘটনায় কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
ফোন চুরির ঘটনায় কিশোরকে গাছে বেঁধে নির্যাতন। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের জিয়ানগরে স্মার্টফোন চুরির ঘটনায় এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সেউতিবাড়িয়া গ্রামের জসিম মল্লিকের ঘর থেকে শনিবার দুপুরে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ও কিছু টাকা চুরি হয়। এ সময় স্থানীয়রা ওই কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া ফোন ও টাকা উদ্ধার করে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই কিশোরকে স্থানীয় কিছু লোক মারধর করছে এবং গাছে বেঁধে পেটাচ্ছে। এ সময় চুরির কথা স্বীকার করে ওই কিশোর। পরে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, কিশোরটির মাথার চুল কেটে দেওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই কিশোরের নাম জাকারিয়া (১৭)। সে উপজেলার কালাইয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে, জাকারিয়া এর আগেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল।

সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মাসুদ হোসেন জানান, ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে ওই কিশোরকে আটক করা হয়। চুরির মালামাল উদ্ধারের পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী জসিম মল্লিক বলেন, আমি বাইরে ছিলাম এবং আমার মা ঘরে জোহরের নামাজ পড়ছিলেন। ঠিক তখন ১৬-১৭ বছর বয়সী ওই ছেলেটি আমার ও মায়ের দুটি স্মার্টফোন এবং খাটের ওপর রাখা মানিব্যাগ থেকে দেড় হাজার টাকা নিয়ে যাচ্ছিল। আমি বাড়ির গেট দিয়ে তাকে বের হতে দেখে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে সে ভুলভাল তথ্য দিলে আমার সন্দেহ আরও বাড়ে। তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি চিৎকার দেই, তখন মা ঘর থেকে এসে বলেন ফোন চুরি হয়ে গেছে। পরে তাকে ধরে ফোন দুটি উদ্ধার করি। এ সময় আমি ক্ষুব্ধ হয়ে দুটি থাপ্পড় দিয়েছিলাম, তখন সেখানে স্থানীয় অন্য লোকেরাও উপস্থিত ছিলেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :পিরোজপুর