নড়াইলে বোনকে গাছে বেঁধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতীতে ১১ বছরের এক কিশোরীকে পাট খেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সিদ্দিক মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্দিক মোল্লা কলাবাড়িয়া এলাকার মৃত আবু বক্কর মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) সকালে ভুক্তভোগী কিশোরী তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে একটি পাট খেতের পাশে তাল কুড়াতে যায়। পাট খেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক। শিশুদের দেখে সে ভুক্তভোগী কিশোরীর হাত ধরে তাকে জোরপূর্বক পাট খেতের ভেতরে নিয়ে যায়। এ সময় কিশোরীর ছোট বোনকে গামছা দিয়ে একটি পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর ওই কিশোরীর ওপর ধর্ষণচেষ্টা করে সে।পরে কিশোরীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে নড়াগাতি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে।
তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি আব্দুর রহিম।
