logo
Advertisement

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আরেকজন গুলিবিদ্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ঠাকুরগাঁও, রংপুর
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আরেকজন গুলিবিদ্ধ
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার। ছবি : এশিয়া পোস্ট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ ৩৩৩ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল হঠাৎ গুলি চালায়। এতে ওই তিন বাংলাদেশি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। তবে আহত শ্রী উদা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনই আমার এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে তাদের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।