সিলেটে সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত রিপন আহমদ মারা গেছেন।
শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিপন গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি একটি বাসের সহকারী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস-মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকেল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের বহুমুখী সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হন। তাদের মধ্যে রিপন শনিবার মারা যান।