পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন নামের দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা সেনাসদস্যসহ আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে।
আহতরা হলেন—নিহত শিশুর মা শারমিন আক্তার প্রকাশ আনারকলি (৩৫), চকরিয়ার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), ফাঁসিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাসদস্য সাহেদ করিম (৩০)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে নিহত শিশুর মা শারমিন আক্তারের অবস্থা হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে ওসি জানান, আহতরা চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। পথিমধ্যে মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী বলাকা সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ইমরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করেছে। বাসটি আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।